
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি এবাদত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পাবতী এলাকার এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি এবাদত হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এবাদত হোসেন বিজয়নগর উপজেলার শাখারপাড় মীর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।