
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইস্পাহানি গ্রামে ছেলেকে ১ হাজার টাকা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর পাষবিক নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামের এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইস্পাহানি গ্রামের খয়ের আলীর ছেলে চাঁন মিয়া (৩০) পেশায় রাজমিস্ত্রী। তিনি একই উপজেলার কামরাবাদ এলাকায় সাহের আকন্দের মেয়েকে বিয়ে করেন।
স্ত্রী ও তার পরিবারের দাবি, চাঁন মিয়া দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। গৃহবধূ শারমিন ঢাকায় চাকরি করে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতেন। তাদের একমাত্র সন্তান নানীর বাড়িতে নানা নানীর সাথে থাকে।
ঘটনার দিন শারমিন তার ছেলের জন্য ১ হাজার টাকা খরচ হিসেবে পাঠান। কিন্তু ছেলেকে টাকা দেওয়ায় ক্ষিপ্ত হোন স্বামী। তার দাবী উপার্জনের সকল টাকা তাকেই দিতে হবে। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়, যা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়।
ভুক্তভোগীর অভিযোগ, ক্ষিপ্ত হয়ে চাঁন মিয়া প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর শুরু করেন। এক পর্যায়ে তিনি শারমিনের বুকের ওপর পা দিয়ে চেপে ধরে জ্বলন্ত বিড়ির আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মা জানান, তিনি কোথায় আছেন তা বলতে পারেন না। এছাড়া তিনি মোবাইল ফোনও ব্যবহার করেন না বলে জানা গেছে। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন -এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।