
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে নিজের বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শহীদুল ইসলাম (২৭)। তিনি উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার বাসিন্দা এবং মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও তিনি নিয়মিত ইয়াবা সেবনের জন্য টাকা দাবি করতেন। টাকা না পেলে প্রায়ই নিজের বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। আট সদস্যের অভাবের সংসারে যেখানে ন্যূনতম ভরণপোষণই কষ্টসাধ্য, সেখানে ছেলের এমন আচরণ পরিবারটির জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনার দিন শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর আবারও মাদকের টাকার জন্য চাপ সৃষ্টি করে শহীদুল। একপর্যায়ে টাকা না পেয়ে নিজের বৃদ্ধ মাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে এলে রাত প্রায় ১০টার দিকে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ঘটনাস্থলে উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তকে ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যারা মাদকের সাথে জড়িত বা মাদকসেবনের কারণে পারিবারিক সহিংসতায় লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও জানান, সম্প্রতি মাদকবিরোধী জোরালো অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে ৬০টিরও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি মামলায় অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয়দের আশা, প্রশাসনের এমন কঠোর অবস্থান মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।