
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি-জিএসসহ ২৬পদের মধ্যে ২৪টিই জিতেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এজিএস পদে জিতেছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭ হাজার ২২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব ভোট পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।
অন্যদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।
চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। বাকি সবকটি পদেই জয় পয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
এতে অন্য যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ফজলে রাব্বি তৌহিদ, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁঞা, সহ যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, স্বাস্থ্য সম্পাদক বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস রিতা,, দফতর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দফতর বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জিহাদ হোসাইন, সহ-খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তামান্না মাহবুব, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান শাকিব, আকাশ দাশ, আদনান শরীফ ও সোহানুর রহমান সোহান নির্বাচিত হয়েছেন।
দিনভর নানা নাটকীয়তা, বিক্ষিপ্ত অভিযোগ আর পাল্টা অভিযোগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাতে ফলাফল ঘোষণার সময় থেকে ক্যাম্পসজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিবির-ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ইটের আঘাতে মাথায় গুরুতর আহত হন। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর গেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন, রাত ৯টার পর থেকে গেট এলাকা ও আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করে। উভয়পক্ষ গেটের দু’পাশে অবস্থান নেয়, আর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় বিজয়ী পক্ষ উল্লাস প্রকাশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। রাত ১টার দিকে প্রকৌশল অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।