
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপাল এর আয়োজনে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ এডভোকেসির আয়োজন করা হয়।
বাঁধন মানব উন্নয়ন সংস্থাএর নির্বাহী পরিচালক এ এস এম মন্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ড. মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত , উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসী, বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা অফিসার মোঃ জাহিদ হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পাটওরি, শহর সমাজসেবা অফিসার নাজমুছ সাকিব, এছাড়া পুলিশের সাইবার ইউনিট, মহিলা বিষয়ক অধিদপ্তর,গন মাধ্যম কর্মী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও বাঁধনের শতাধিক যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতি বৃষ্টি, অনাবৃষ্টি ও অনিয়মিত আবহাওয়া কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এতে গ্রাম থেকে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে, যা নতুন সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
এডভোকেসি সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি সেবার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করা। পাশাপাশি যুব ও নারীবান্ধব বাজেট বরাদ্দ নিশ্চিত করা, সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সাইবার সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় যুব সদস্যরা নাট্য উপস্থাপনার মাধ্যমে বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান প্রস্তাব করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।