
খন্দকার নজরুল ইসলাম : ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারসহ কুখ্যাত শুটার হিসেবে পরিচিত মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে ‘বৃন্দা রনি’ (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পল্লবী থানা সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
এসময় পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার শাহ পরান বস্তিতে একটি বসতঘরের উত্তর-পশ্চিম কোণে গাছের টবের সঙ্গে লুকানো অবস্থায় একটি পুরনো প্লাস্টিকের বস্তা থেকে একটি ব্রাজিলিয়ান রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনি নরসিংদী জেলার শিবপুর থানার বাসিন্দা হলেও বর্তমানে পল্লবী এলাকার হিন্দুপাড়া বস্তিতে বসবাস করছিল। স্থানীয়ভাবে সে ‘শুটার বৃন্দা রনি’ নামে পরিচিত।
পুলিশ জানায়, গত ২১ মার্চ ২০২৬ তারিখে পল্লবী এলাকায় রোজ গার্ডেন ভবনের সামনে গুলিবর্ষণের ঘটনায় রনি, পিচ্চি বাবু ও বড় লোকমান জড়িত ছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
রনির বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক সংক্রান্তসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং একটি দস্যুতা মামলা তদন্তাধীন। এছাড়া নতুন করে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।