
এহসান আলী (জামালপুর) : জামালপুর সদর উপজেলার গৌবিন্দপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সিপিসি-১, R A B-১৪ জামালপুর ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ধারা ৮(১) এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ১৮৬ লঙ্ঘন করে জনবসতি ও কৃষিজমির নিকটবর্তী এলাকায় প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করা হচ্ছিল।
এই অপরাধে জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা এবং যমুনা ব্রিক ফিল্ডকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ইটভাটার অবৈধ চিমনি ও কিলন ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারীরা কর্মকর্তা জানান, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।