
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মায়ের মৃত্যুর খবর নিজেই জানান শাওন। স্ট্যাটাসে তিনি লেখেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দেন।”
শাওন আরও জানান, তার মায়ের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসরের পর গুলশান আজাদ মসজিদে, আর দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। গত জুন মাসের শেষ দিকে শাওন জানিয়েছিলেন, তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শাওনের মায়ের মৃত্যুতে অভিনেত্রী দীপা খন্দকার, নির্মাতা সানি সানোয়ারসহ বিনোদন অঙ্গনের অনেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।