
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। এর অংশ হিসেবে পুষ্টি সপ্তাহ জুড়ে এতিমখানায় পুষ্টিকর খাবার পরিবেশন, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক সভা-সেমিনার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা সহ আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি টানা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দীপন দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য।
এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল ইসলাম চৌধুরী, ক্যাশিয়ার শহিদুল ইসলাম প্রমুখ।