
দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার’ নামে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সাভারের বিরুলিয়ার ছোটকালিয়াকৈর এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্ধোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এসময় প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।
মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক ও বিস্তৃত খেলার মাঠ স্থাপন করা হয়েছে। এখানে সামরিক-অসামরিক সহ সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের সুশিক্ষা লাভের সমান সুযোগ রয়েছে।