
মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বারৈয়ারহাটে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (২২ এপ্রিলল) রাত সাড়ে নয়টার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৌরবাজারের বারইয়ারহাট-খাগড়াছড়ি গাড়ি স্টেশনে নির্মল ত্রিপুরা (২২)-কে ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল ছিনতাইকারী। নির্মল ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে । আটক পরবর্তী জোরারগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছিনতাইকারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা বারৈয়ারহাট কিশোর গ্যাং এর সদস্য। তারা হলেন, জোরারাগঞ্জ ইউনিয়নের খিলমুরালির হিরা মিয়ার ছেলে আলতাফ হোসেন মানিক (২০) , একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আলতাফ হোসেন (২০) ও বারৈয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড জামালপুর এলাকার হিন্দু গ্রামের এমদাদ হোসেনের ছেলে এনামুল হক নিলয় (১৯) ।
পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১৫শ টাকা এবং একটি হলুদ-কালো রঙের কাটার উদ্ধার করে জব্দ করেছে।
জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।