
ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি মুশফিকুর রহিম রনির নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন-এর উদ্যোগে ঢাকা বিভাগীয় পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব ইব্রাহিম হোসাইন। তাঁদের উপস্থিতিতে ঢাকা বিভাগের কার্যক্রমের পরিচিতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মিজান আজিম, জসিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা পর্বে বক্তারা মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা এবং সমাজের প্রতিটি ঘরে ঘরে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক ঐক্য ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য। হিট ফাউন্ডেশন সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মানবাধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।