
আসন্ন আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ এর টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিলো দেশের নবীনতম বেসরকারী বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। মেলাটির ২১তম আসর ৯এপ্রিল থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে।
রাজধানীতে এয়ারলাইনটির অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পর্যটন মেলার আয়োজক শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন প্রকাশনা দা বাংলাদেশ মনিটর এবং এয়ার অ্যাস্ট্রার মাঝে এতদসংক্রান্ত একটি সমঝোটা স্মারক স্বাক্ষরিত হয়। দা বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে কাজী ওয়াহিদুল আলম বলেন, “আমরা দেশের উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল একটি এয়ারলাইনকে ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে সত্যিই আনন্দিত। বৈশ্বিক সংকটের কারনে আমাদের এবারের আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আমরা ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি”।
ইমরান আসিফ বলেন, “দেশের নবীনতম বেসরকারী এয়ারলাইন হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই ট্রাভেল ট্রেড প্রদর্শনীর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। গত দুই দশকের অধিক সময় ধরে এই পর্যটন আসরটি অত্যন্ত সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে”।
তিনি জানান, “চলতি বছরেরি আমরা আন্তর্জাতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ঢাকা ট্রাভেল মার্টের সঙ্গে স্পন্সর হিসেবে অংশগ্রহণ দেশী-বিদেশী এভিয়েশন এবং ট্যুরিজম অংশীজনদের মাঝে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে”।
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা থেকে চট্রগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর এবং সিলেটে দৈনিক ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এয়ারলাইনটির বহরে ৪টি উড়োজাহাজ রয়েছে।