
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৩ মে) দুপুরে উপজেলার তবকপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সহযোগিতা করেন ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সমাবেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরবক্ত মিয়া, আনোয়ারুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট সফিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক, আব্দুস সামাদ, অভিভাবক খাদিজা বেগম ও ছকিয়ত আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু বিদ্যালয় নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পরিবেশ তৈরি এবং নৈতিক শিক্ষার বিকাশে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, ঝরে পড়া রোধ, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়মুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সমাবেশ অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে।
অভিভাবক সমাবেশে ত্রৈমাসিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশ্নপত্র ছাপানোর খরচ সাবেক জনপ্রতিনিধি বহন করবেন। অন্যরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করবেন। শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা দূর, নিয়মিত উপস্থিতি নিশ্চিত, টিফিন ও ড্রেসে সমন্বয় এবং ক্লাস ফাঁকি রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।