
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার মোট ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টিকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলায় তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। মাদারীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার এবং ১০ জন লাঠিধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।
এছাড়া পুরো জেলায় প্রায় ৬০০ জন সেনাসদস্য টহল ও নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় থাকবেন অতিরিক্ত ২০০ জন সেনা সদস্য। একই সঙ্গে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রায় অর্ধশত র্যাব সদস্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবেন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও নির্বাচনী দায়িত্বে থাকবেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।