
অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত দুই ধাপে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার–এর সঙ্গে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এবং দ্বিতীয় ধাপে বাকি ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্তটি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। বাড়িভাড়া বৃদ্ধি, পদোন্নতি এবং উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন করে আসছিলেন তারা।
দীর্ঘ ১০ দিনের আন্দোলনের মুখে সরকার বাড়িভাড়া ১৫ শতাংশে উন্নীত করতে সম্মত হওয়ায় শিক্ষক সমাজে স্বস্তি নেমে এসেছে। যদিও তাদের মূল দাবি ছিল বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা।