
২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল অবশ্যই ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। এছাড়া জানানো হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।