
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষি নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাকযোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌ-চাষি রানা (২৭) ও লিখন (১৮)। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এসময় ট্রাকটি মহাসড়কের পাশের খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ। নিহত রানা (২৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে ও নিহত লিখন (১৮) একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান,
এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।