
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে পৌরসভাধীন মিয়ার বাজার তালুকদার পাড়া এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণ করে স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন মানিক চৌধুরী (২১)। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালতে দোষ স্বীকার করায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাদকাসক্তি ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।