
রাজধানীর কলাবাগানে স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা ঘটনায় তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, কলাবাগান থানা পুলিশের অভিযানে পলাতক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
থানা সূত্রে জানা গেছে, নিহত তাসলিমা ও নজরুল ইসলামের সংসারে ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল মেয়েদের ঘুম থেকে তুলে জানায়—“তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।” এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তার বোনের (মেয়েদের ফুফু) বাসায় পৌঁছে দেন।
পরে মেয়েরা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ প্রকাশ করে এবং বিষয়টি মামাদের জানায়। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে সোমবার সন্ধ্যায় কলাবাগান থানা পুলিশ নজরুলের বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, নজরুল হত্যার পর ঘটনাটি গোপন করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।