
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি ১২ গেজ কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা, ১০২ পিস ইয়াবা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, চলতি জানুয়ারি মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। তবে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক কারবারি, জুয়াড়ি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—
মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)।
তাঁদের সকলের বাড়ি শাকপালদিয়া গ্রামে, লস্করদিয়া ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর জেলায়।
আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।