
বর্ধিত যাত্রীচাপ সামলাতে রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময় বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ রোববার (১৯ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ও রাতে মেট্রোরেল চালুর সময়সীমা আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছেড়ে যায়—যা আগে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়েছিল। রাতে মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে। এছাড়া, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বিকেল ৩টার পরিবর্তে আড়াইটায়।
সরেজমিনে দেখা গেছে, সকালবেলায় তুলনামূলকভাবে যাত্রী কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে। যাত্রীরা সময়সীমা বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী চলাচল করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হবে।