
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খেজুরবাগান মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৫–৪০), বাড়ি শরীয়তপুর জেলায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, “বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়।” প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় আবুল কালাম ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত হানে। একই সঙ্গে এটি পাশে থাকা একটি চপ-শিঙাড়ার দোকানে আঘাত করে দোকানের কাঁচ ভেঙে ফেলে। এতে দোকানের দুইজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০ থেকে ৫০ কেজি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সতর্কতার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
উড়ালপথের পিলারের সঙ্গে বসানো রাবারের বিয়ারিং প্যাডগুলো মেট্রোরেলের কাঠামো ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটির ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাড ছাড়া ট্রেন চললে উড়ালপথ স্থানচ্যুত বা দেবে যেতে পারে, তাই নিরাপত্তার কারণে চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগে একই স্থানে দুর্ঘটনা ঘটলেও জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান সেটি সংশোধন করেনি।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হবে।