
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় করে বস্তাভর্তি দেশীয় চোলাই মদ পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বস্তাভর্তি দেশীয় চোলাই মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে মো.নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।