
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌরএলাকার শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা গামী অনন্যা পরিবহনের একটি দুরপাল্লার বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ বাসের সামনে এক স্কুলছাত্রী চলে আসে। ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জমিতে উল্টে যায়। এতে বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ২০ যাএী আহত হন।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এর মধ্যে নেত্রকোনার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের কবির (২৬), পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে ৩ বছরের শিশু আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং স্থানীয় শ্রীরামদী এলাকার ইকরাকে (১৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।