
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে নজরুল ইসলাম নামে এক মাদ্রাসার শিক্ষকের বসত বাড়ি থেকে গাছ কেটে নেওয়া সহ তার মা ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
নজরুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের ইছাহাক আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে তার ভাই নুরুন্নবী সেখের প্রায় এক বছর ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে নুরুন্নবী ও তার লোকজন ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলামের বাড়ি থেকে বিভিন্ন ধরনের ৭টি গাছ কেটে নিয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া বাড়ির সীমানায় খুটি পুতে বেদখলের চেষ্টা করছে। এ সময় নজরুল ইসলাম বাড়িতে ছিলেন না। তবে তার স্ত্রী হোসনেয়ারা খাতুন অবৈধ দখলদারদের বাঁধা দেয়। তখন নুরুন্নবী ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে নজরুলের স্ত্রী ও মাকে নির্যাতন করে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে নুরুন্নবী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে নুরুন্নবী সেখের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।