
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: বিষমুক্ত, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে কৃষি পণ্য উৎপাদনে কৃষক-কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি এবং রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে খাদ্য উৎপাদনকে রক্ষা করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (২৬ এপ্রিল) সকালে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ বেগম বাজার এলাকায় কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিণত হয় কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তাদের এক প্রাণবন্ত মিলনমেলায়। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন স্থানীয় কৃষকরা, আর তারই ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ক্রপস্ উইং) পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ্, চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমার সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, রেজাউল্লাহ, নাছির খান, মিজান উদ্দিন, আমির হোসেন, দিলুয়ারা বেগম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, দিবাকর দাশ, নিউটন দে, রিপন দাশ, সাজু দাশ, নির্মলেন্দু ধর।
সভায় অনিয়ন্ত্রিত কীটনাশক ও সার ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করা এবং জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং আইপিএম মডেল চাষাবাদের মাধ্যমে কম খরচে নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
এর আগে দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডারখ্যাত শঙ্খ চরে নিরাপদ সবজি প্রদর্শনী পেপে ও করলা ক্ষেত পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন কৃষিবিদ ড. সালমা লাইজু।