
নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক।
রবিবার, ৮ মার্চ ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার / সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রিন্সিপাল মিসেস ফাহমিদা চৌধুরী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারী দিবস উপলক্ষে ব্যাংকের সকল নারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননাপত্র প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ব্যাংকের সকল শাখা ও উপশাখায় নারী সহকর্মীদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “নারীরা তাঁদের মেধা, অধ্যবসায় ও সহমর্মিতার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা হয়ে উঠছেন। অগ্রদূত, উদ্ভাবক, জননী, সহকর্মী ও পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখছেন উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণে। তাঁদের আত্মত্যাগ, দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের সকলকে এগিয়ে যেতে উৎসাহিত করে। নারীদের দায়িত্ববোধ, নিষ্ঠা, পেশাদারিত্ব ও অদম্য সহযোগিতা এনআরবিসি ব্যাংককে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সংগ্রামে কার্যকর অবদান রাখছে এবং এনআরবিসি ব্যাংকের অগ্রগতিতে তাঁদের ভূমিকা আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।”