
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুভপুর মোল্লা বাড়ির প্রাঙ্গনে এ মানবিক আয়োজন সম্পন্ন হয়।
শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক শুরু হয়।
সাংবাদিক মো. শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সোহেল মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা দুলাল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল কাদের, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমির হোসেন, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আবুল হোসেন, শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. রমিজ উদ্দিন,পইয়াবাড়ী নূরজাহান মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মো. সফিকুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা, আত্মসংযম ও মানবসেবা। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। সেই লক্ষ্য নিয়েই শুভপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভাপতি সোহেল মোল্লা তাঁর বক্তব্যে জানান, ২০২২ সালের ৩১ জুলাই প্রতিষ্ঠার পর ৬০ জন সুবিধাভোগী নিয়ে কার্যক্রম শুরু হলেও এ বছর প্রায় ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মুড়ি, মসুর ডাল, তেল, ছোলা, সাদা মটর, চিনি, পেঁয়াজ, লবণ ও খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তালিকাভুক্ত পরিবারের হাতে সরাসরি এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।