
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ব্যতিক্রমী গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সচেতন সমাজসেবক, উদীয়মান তরুণ প্রজন্ম ও সম্মানিত মুরুব্বিদের যৌথ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে সহস্রাধিক রোজাদার একসঙ্গে ইফতারে শরিক হন। আয়োজনটি গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
আয়োজকরা জানান, সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ গণইফতারের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী গ্রামবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।