
বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ এর কবর জেয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে বিএনপির সদ্য দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম।
মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় রংপুর-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শহীদ আবু সাঈদ একটা বৈষম্যহীন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠান জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ আমরা ভুলবো না। আমরা গর্বিত যে আবু সাঈদ আমাদের পীরগঞ্জের সন্তান। সেসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশবাসীর সমর্থনে বিএনপি সরকার গঠন করে বৈষম্যহীন থেকে দেশের উন্নয়নে কাজ করে যাবে। তাকে মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে দল সঠিক মুল্যায়ন করেছে।
আবু সাঈদ এর কবর জেয়ারত শেষে সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ অসংখ্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।