
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ২১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে খড়িয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনোয়ার হোসেনের কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে দলটি।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।