
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
দিনের শুরুতে সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের তেপান্তর হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। এছাড়াও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এম এ রায়হান, সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় ব্যবস্থা মানুষকে একত্রিত করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বনির্ভরতা গড়ে তোলে। যারা এখনও স্বাবলম্বী নন, তারা সমবায়ের ঋণ সহায়তা নিয়ে কর্মসংস্থান তৈরি করতে পারেন; আর যারা ইতোমধ্যে স্বাবলম্বী, তারা সমবায়ের মাধ্যমে তাদের উদ্যোগকে আরও প্রসারিত করতে পারবেন।