
বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ছলিমাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভুরভুরিয়া এলাকায় আলাউদ্দিনের চৌচালা টিনের ঘর, ছয়ফুল্লাকান্দি মাছিমনগরে আমিনের দোচালা টিনের ঘরের সামনের উঠান এবং ফরদাবাদ ইউনিয়নের চড়লহনিয়া-তিলককান্দি এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে বাহারম বাদশা (২৭), রামকৃষ্ণপুর গ্রামের বাহারুল খন্দকারের ছেলে কামরুল হাসান (২৫), চানপুর গ্রামের মৃত আপন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৩), উপজেলার মাছিমনগর গ্রামের মালু মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৫০), এবং নাসিরনগর গ্রামের আলামিনের স্ত্রী ময়না আক্তার (৩৫)।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।