
সিলেটের আরেক পর্যটন এলাকা জাফলংয়েও পাথর লুট করা হচ্ছে। অভিযোগ উঠেছে, বালুমহাল ইজারা নিয়ে বালুর পাশাপাশি পাথর উত্তোলন করছে অসাধু চক্র। এ চক্রের সঙ্গে জড়িত আছে গোয়াইনঘাট থানা পুলিশ। এর প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা।
স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ রহস্যজনক কারণে তাদেরকে গ্রেপ্তার করছে না। উল্টো প্রতিবাদকারীদের চাঁদাবাজ বানিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।
জাফলং সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র। ২০১৫ সালের ১৪ নভেম্বর জাফলংকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা হয়। ২০১২ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে এর গেজেট প্রকাশ করা হয়।
ইসিএ ঘোষণার পর জাফলংয়ে বালু ও পাথর কোয়ারির ইজারা কার্যক্রম বন্ধ ছিল। পাথরের মজুত পরিমাপের মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি মাসে সংরক্ষিত এলাকায় পাথর পর্যবেক্ষণ করা হতো। সর্বশেষ ২০২৪ সালের ২৬ জুলাইয়ে করা পরিমাপ অনুযায়ী, জাফলংয়ে পাথর মজুত ছিল ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট।
২০২৪ সালের ৫ আগস্টের পর সবচেয়ে বেশি পাথর লুট হয়েছে জাফলংয়ে। দাবি করা হয়, রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর প্রায় ১ কোটি ঘনফুট পাথর লুট হয়ে যায়, যার বাজার মূল্য শত কোটি টাকার বেশি। এ সময় পাথরের সঙ্গে বালুও লুট করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন প্রয়োগ করছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। বালুমহাল আগ থেকেই ইজারা দেওয়া হতো। এরা বালুর কথা বলে পাথর তুললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”