
শেরপুরের নালিতাবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহর ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের নামও ছিল বলে জানা গেছে।