
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আলোচিত ব্যবসায়ী কফিল উদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী ব্যবসায়ীর স্ত্রীসহ এবার পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে ও হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করেছেন নিহত কফিল উদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার জৈনা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।
আসামীরা হলো একই গ্রামের মৃত মইজ উদ্দিন সরকরের ছেলে মোজাম্মেল হক (৫৫), মোস্তাক (৫০), মোজাম্মেলের ছেলে এনামুল (৩৫), নাজমুল (৩৩), আমিনুল (২৭), মৃত মইন উদ্দিন সরকারের ছেলে মজিবুর রহমান (৫৫), তার ছেলে সোহেল (৪২), ইমান আলীর ছেলে আজাহার (৫৫), তার ছেলে বাবু (২৮) জামিনে আসেন। আসামিরা মামলা তুলে নিতে নিহত ব্যবসায়ীর পরিবারের ওপর চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে পুরো পরিবারকে খুন করার হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে কুলসুম আক্তার বলেন, অল্প বয়সেই আমাকে বিধবা হতে হলো। আমার ছোট ছেলে দুনিয়ার কিছু বুঝে উঠার আগেই বাবা হারা হলো। আমার স্বামীর হত্যাকারীরা জামিনে এসে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদেরকে বাড়ী ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। ভয় হচ্ছে, কখন আমাদেরও একই পরিণতি হয়। তিনি আরো অভিযোগ করেন, আসামী সাহেল সরকার ও তার সহযোগীরা সম্প্রতি জৈনা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে গোপনে ছবি তোলে সেই ছবি ব্যবহার করে মিথ্যা নাটক সাজায়। আমার নামে সাজানো, মিথ্যা, বানোয়াট চরিত্র হননমূলক অপবাদ ছড়িয়ে সামাজিকভাবে মানহানি করার চেষ্টা করেছে। আসামীদের নোংরা মিথ্যাচার আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। প্রশাসনের কাছে আমার স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং আমাদের নিরাপত্তার দাবি জানাই।
নিহত ব্যবসায়ী কফিল উদ্দিনের মেয়ে শিমলা আক্তার বলেন, আমার বাবাকে হত্যার আসামিরা অদৃশ্য কারণে সবাই জামিনে বের হয়ে আসছে। কাদের ইশারায় তারা জামিন পাচ্ছেন? আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।
প্রসঙ্গত, নিহত ব্যবসায়ী কফিল উদ্দিন উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি জৈনা বাজারে দোকান নিয়ে ওয়েস্টেজ মালামালের ব্যবসা করতেন। ২০১৩ সালের ২ আগস্ট সকাল ১০টার দিকে আসামীরা তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে জৈনা বাজারের সরকার মার্কেটের সামনে নিয়ে যায়। সেখানে প্রকাশ্যে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ আছে আসামিদের বিরুদ্ধে। ব্যবসায়ী কফিল উদ্দিনকে পিটিয়ে হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী কুলসুম আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।