
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবীতে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের ব্যস্ততম এলাকা শাপলা চত্বরের সামনে প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী এ মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস’সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়তই,হুমকি,ধামকি’সহ শারীরিক ভাবেও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক ঘন্টা কলম বিরতি পালন করেন সাংবাদিকরা।কলম বিরতি শেষে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তিনটি দাবী উপস্থাপন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।এসময় জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার স্মারক লিপিটি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে পাঠিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দদের।