
শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার এবং বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সংসদ সদস্য প্রার্থী। তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর কোনো বিধান নেই।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি স্টেডিয়াম প্রাঙ্গণের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইউপিডিএফ-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদ-সমর্থিত প্রার্থী এম এ আবুল বাশার।
সংবাদ সম্মেলনে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে হবে।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। তাই চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও বিধিবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল)-কে অবিলম্বে প্রতিমন্ত্রীর পদ থেকে প্রত্যাহার ও অপসারণ করতে হবে।
ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে কাউকে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ার বিধান কঠোরভাবে অনুসরণেরও দাবি জানান তারা।
এদিকে, পার্বত্যমন্ত্রীর পূর্ণমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে জুরাছড়ি ও শহরের রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।