
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের দুর্র্ধষ‘ বনদস্যু করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে এক দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। আটক দস্যুর নাম আল-আমীন বাচ্চু হাওলাদার (৪৫)।
অভিযান শেষে গুড়িয়ে দেওয়া হয়েছে দস্যুদের একটি আস্তানা। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র, গোলাবারুদ, বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল।
বুধবার (৩ জুন) বিকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকা ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্র্ধষ বনদস্যু করিম শরীফ বাহিনী বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান শনাক্ত করা হয়। এর পর অভিযান চলাকালে দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধানসহ দস্যুরা পালানোর চেষ্টা করে।
এসময় ধাওয়া করে আল-আমীন বাচ্চুকে আটক করা হয়। পরে দস্যু আস্তানা তল্লাশি করে ৪ টি একনলা বন্দুক, ২০ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১ টি টেলিস্কোপ, ১ টি সোলার প্যানেল, ১ টি ব্যাটারি, ১ টি ওয়াকিটকি চার্জার, হরিণের শিংসহ ১টি মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১ টি কাঠের নৌকা জব্দ এবং আস্তানাটি ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড আরো জানায়, দস্যু আল-আমীন বাচ্চুর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১০ টায় কোস্ট গার্ড ও পুলিশ তার বাড়ি থেকে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক দস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।