
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা।
বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় পানি, ছাতা এবং হাতপাখা বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।
এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিটের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে।
এতে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মঠ মানুষেরা বিপাকে পড়েছেন। তাই তাদের কষ্ট চিন্তা করে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার হাতপাখা বিতরণ করা হলো। এ ছাড়া আগামী এক সপ্তাহ জেলার বিভিন্ন স্থানে ছাতা, পানি ও হাতপাখা বিতরণ করা হবে।