
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি বাজারে এক টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) কে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রুবেল মিয়া (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল মিয়া এ্যাপেক্স ড্রাগস্ ল্যাবরেটরী ইউনানি ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। কর্মসূত্রে জামালপুর ও শেরপুর জেলা তার দায়িত্বাধীন এলাকা। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে বিভিন্ন বাজারে কালেকশন শেষে দিঘলকান্দি বাজার থেকে খড়মা নতুন বাজারের দিকে যাওয়ার পথে একটি গরুবাহী ট্রাক বেপরোয়াভাবে ওভারটেক করলে তিনি দুর্ঘটনা এড়াতে ও প্রাণ বাঁচাতে রাস্তার পাশে নিচে ঝাঁপ দেন।
পরে দিঘলকান্দি বাজারে ট্রাক চালককে সতর্ক করতে গেলে, সেখানে উপস্থিত মমিনুল হক (৫৫) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন তার উপর অতর্কিতভাবে আক্রমন করেন। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে রুবেলের ওপর হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় মমিনুল হক একটি ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর আঘাত ও হাড় ভেঙে যায়। মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তার প্যান্টের পকেট থেকে কোম্পানির কালেকশনের ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং মামলা না করতে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রুবেল মিয়াকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।